ফুটবলে বড় সব ট্রফিই  জিতেছেন লিওনেল মেসি। এবার তার অর্জনের তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক সম্মান—‘ডক্টর’ উপাধি । আর্জেন্টিনার বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি।

আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল। মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে।

আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। দিনটি তার জন্য আরও বিশেষ হয়ে উঠবে কয়েক ঘণ্টা পরই। ওই দিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার।

আরও পড়ুন:  লাউতারোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বুয়েনস আইরেসের মনুমেন্টালে বিশেষ বিদায়ী ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে এই ম্যাচেই দেশের হয়ে শেষবার মাঠে নামবেন মেসি।

বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই সম্মান কেবল মেসির মাঠের সাফল্যের জন্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপি তাকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ ও দূত হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তার বিনয় ও অধ্যবসায়েরও প্রশংসা করেছেন তিনি।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ইতিহাস লিখেছেন মেসি। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা—একাধিক শিরোপায় নিজের নাম জড়িয়ে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। সমর্থকদের উচ্ছ্বাসে মাতিয়েছেন দিনের পর দিন। এবার ডক্টর উপাধি নিয়ে অনন্য সম্মানে ভূষিত হতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =