ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত ৫৬

ভারতের উত্তরপ্রদেশে টানা ৬০ ঘণ্টার বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন।

এ ছাড়া ১০৭টি পশু মারা গেছে এবং ১ হাজার ২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।রাজ্য সরকারের বরাতে ইন্ডিয়া টুডে বলছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি সীতাপুরে, সেখানে সাতজন। এরপর লখিমপুর খেরি, বাহরাইচ ও বালরামপুরে পাঁচজন করে এবং অযোধ্যা ও গোরখপুরে চারজন করে মারা গেছেন। 

পশুর মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি হারদইয়ে—২৮টি।

সীতাপুরে ১৬টি, কন্নৌজে ১৪টি, বাহরাইচ ও কানপুর দেহাতে সাতটি করে এবং উন্নাওয়ে ছয়টি পশু মারা গেছে।বাড়িঘরের ক্ষয়ক্ষতিতে এগিয়ে হারদই; সেখানে ২৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানা গেছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দায় ২২৭ দশমিক ৬ মিলিমিটার, ফতেহগড়ে ২২৪, বাহরাইচের নানপাড়ায় ২১৭, হারদইয়ে ২১৪ এবং কান্নৌজে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লখনউসহ বিভিন্ন জেলায় ব্যাপক জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন চাল
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যাঞ্চল ও তেরাই এলাকায় বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জলাবদ্ধতার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে তিনি গঙ্গা এক্সপ্রেসওয়ের জলাবদ্ধতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

অন্যদিকে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 4 =