ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

জ্বালানির চাহিদা বাড়ায় বাংলাদেশে প্রায় ৪৭ লাখ লিটার (প্রায় ৪ হাজার মেট্রিক টন) ডিজেল পাঠিয়েছে ভারত। পাইপলাইনের মাধ্যমে এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।

দিনাজপুর পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এই ডিজেল এসেছে।

তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল স্থানান্তর শুরু হয়। ১৫ সেপ্টেম্বর তা শেষ হয়েছে।

২০১৮ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে বাংলাদেশকে প্রায় ২০ লাখ টন ডিজেল বিক্রির কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হওয়ার পর থেকে এ পথে বাংলাদেশ এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।

আরও পড়ুন:  ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

প্রতিবেদনে বলা হয়, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ২০১৫ সাল থেকে পাইপলাইনে বাংলাদেশে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করে আসছে। পাইপলাইনটি ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বিতীয় আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন।

এর মাধ্যমে বছরে ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল (এইচএসডি) পরিবহনের সক্ষমতা রয়েছে।

চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সরবরাহ সংকট তৈরি হওয়ায় বাংলাদেশে জ্বালানি নিয়ে চাপ তৈরি হয়েছিল। সে সময় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।

এরপর জুলাইয়ে ভারত থেকে ৮ হাজার টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ। এর আগে এপ্রিলে ২৫ হাজার টন এবং মে মাসে আরও ৮ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =