ইরানি হামলার ভয়ে তুরস্ক থেকে গোপন ফ্লাইটে যুক্তরাজ্যে ট্রাম্প

ইরানের এক নাগরিকের কাছ থেকে গুপ্তহত্যার হুমকি পাওয়ার পর তুরস্ক থেকে গোপন সামরিক ফ্লাইটে যুক্তরাজ্যে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই সময় হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্প পুরোনো এয়ার ফোর্স ওয়ানে করে যুক্তরাজ্যে যাচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নিরাপত্তার স্বার্থেই এই গোপনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

গত মাসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে কাতারের দেওয়া সংস্কার করা নতুন উড়োজাহাজে করে তুরস্কের রাজধানী আঙ্কারায় যান ট্রাম্প। এটি ছিল কাতারের দেওয়া উড়োজাহাজটির প্রথম আন্তর্জাতিক যাত্রা। তবে আঙ্কারা ছাড়ার সময় হঠাৎ পুরোনো এয়ার ফোর্স ওয়ান ব্যবহারের ঘোষণা দেন তিনি। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম

আরও পড়ুন:  ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস
ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, ‘পুরোনো দিনের কথা মনে করার জন্য’ তিনি পুরোনো উড়োজাহাজে করে ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স মিলডেনহলে যাবেন। একই সময়ে নতুন উড়োজাহাজটিও সেখানে যাওয়ার কথা ছিল।তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারায় ক্যামেরার সামনে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর গোপনে ট্রাম্পকে একটি বিমানবন্দরের খাবার সরবরাহকারী ট্রাকে করে অন্য একটি ছোট সামরিক উড়োজাহাজে নেওয়া হয়। মার্কিন এক কর্মকর্তার তথ্য ও বিভিন্ন নথি-প্রমাণ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি। ট্রাম্পকে বহনকারী সি-৩২এ উড়োজাহাজটি রাত প্রায় ১০টা ২০ মিনিটে যুক্তরাজ্যে পৌঁছায়। এর কয়েক মিনিট পর পুরোনো এয়ার ফোর্স ওয়ান ও সাংবাদিকদের বহনকারী বিমানও সেখানে পৌঁছায়।

এই অভিযানের বিষয়ে ট্রাম্পের সঙ্গে সফররত সাংবাদিকদেরও পুরোপুরি অবহিত করা হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তারা ধারণা করেছিলেন, প্রেসিডেন্ট তাদের সঙ্গে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই ভ্রমণ করছেন। এমনকি বিমানের প্রেস কেবিনের জানালার পর্দা পুরো ফ্লাইটজুড়ে বন্ধ রাখতে বলা হয়েছিল। পরে এর কারণ জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা ‘সম্ভবত একটি বিপজ্জনক ফ্লাইটে’ ছিলেন। ২০০০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পাকিস্তান সফরেও বিভ্রান্তি তৈরির জন্য একই ধরনের নিরাপত্তা কৌশল ব্যবহারের নজির রয়েছে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র থেকে আরও অর্ধশত যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

গোপনে তৃতীয় একটি উড়োজাহাজে ট্রাম্পের ভ্রমণের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চিয়াং বলেন, কাতারের দেওয়া উড়োজাহাজটিতে প্রেসিডেন্ট ও তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চমাত্রার নিরাপত্তাব্যবস্থা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, ট্রাম্পের ওপর নজর রাখছে এমন অনেক শত্রু রয়েছে এবং এসব হুমকি মোকাবিলায় প্রশাসন তাদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা ব্যবহার করছে। ট্রাম্পের গোপন ফ্লাইটের বিষয়ে পেন্টাগনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =