তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে যোগ্য তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ পাবেন। ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে।
শুধু ঋণ নয়, নিয়মিত কিস্তি পরিশোধ এবং ব্যবসায় ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ঋণের সমপরিমাণ অর্থ পর্যন্ত অনুদান দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রাথমিকভাবে দেশের ৫০০টির বেশি উপজেলা থেকে যাচাই-বাছাই করে অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তাকে এ সুবিধার আওতায় আনার কথা ভাবা হচ্ছে।
বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন ও অনুদান প্যাকেজ তৈরির কাজ চলছে। যেসব তরুণ ব্যবসা শুরু করার আগ্রহ ও সক্ষমতা থাকা সত্ত্বেও মূলধনের অভাবে উদ্যোগ নিতে পারছেন না, তাদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পেতে পারেন। এ ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার প্রস্তাব নিয়ে কাজ চলছে। ফলে সাধারণ ব্যাংকঋণের তুলনায় তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থের খরচ উল্লেখযোগ্যভাবে কম হবে।
বর্তমানে ব্যাংকঋণের সুদহার ১১ থেকে ১৫ শতাংশ পর্যন্ত এবং বিভিন্ন এনজিওর ঋণের খরচও তুলনামূলক বেশি হওয়ায় নতুন উদ্যোগে কম সুদের এ অর্থায়ন তরুণদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঋণের সঙ্গে মিলতে পারে অনুদানও
এই কর্মসূচির বিশেষ দিক হিসেবে ঋণের পাশাপাশি অনুদানের ব্যবস্থাও রাখা হচ্ছে। মাসরুর আরেফিন জানান, কোনো উদ্যোক্তা ঋণের কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ করলে এবং তার ব্যবসার কার্যক্রম সন্তোষজনক হলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।







