রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আড়াই কোটি ডলার অনুদান

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম চলমান রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান দিয়েছে অস্ট্রেলিয়া।

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ অর্থ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর মাধ্যমে ব্যয় করা হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর বলেছে, “বৈশ্বিক মানবিক সহায়তায় অর্থসংকট ও অনিশ্চয়তার মধ্যেও অস্ট্রেলিয়ার এই অর্থায়ন, রোহিঙ্গা এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যক সেবা অব্যাহত রাখতে ভূমিকা রাখবে। এই অর্থের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা পরিচালনা করা হবে।”

ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এ অনুদানের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন:  নবিজি (সা.) যে খাবার পছন্দ করতেন

জুলিয়ান হিল বলেন, “মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে সহায়তা অব্যাহত রাখতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান, তবে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। এই সংকটের মূল কারণগুলোর সমাধান ছাড়া তা সম্ভব নয়।”

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে ব্যাপক সহিংসতা ও নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আশ্রয় নেয়। এর পরেও নানা সময় রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্পগুলোতে বাস করছেন। তাদের বেশিরভাগই দৈনন্দিন প্রয়োজন মেটাতে সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরে অর্থায়ন সংকট তাদের ঝুঁকি আরো বাড়িয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =