কিছুই বদলায়নি, একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির চলছে: মির্জা ফখরুল

মাত্র চার থেকে পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে যারা ঘুষ খেত, তারা এখনো একইভাবে ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। ভালো কাজ আটকে দেওয়ার প্রবণতাও বদলায়নি। এমনকি ভোল পাল্টানো অনেকেই এখন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে সামনে আসছেন।

আজ বৃহস্পতিবার ডিএফপি অডিটরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘…আমার এই চার পাঁচ মাসে মন্ত্রিত্বের অভিজ্ঞতা, আপনাদের বলা দরকার আমার, আমি দেখেছি কিছুই বদলায়নি।’ তিনি বলেন, একইভাবে আগে যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে, আটকে দিচ্ছে। একইভাবে লোকজন ভোল পাল্টাচ্ছে। ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে।

আরও পড়ুন:  প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিএনপির মহাসচিব বলেন, ‘এই কথাগুলো আক্ষেপে বলছি। আক্ষেপে বলছি এ জন্য, আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। এর পরিবর্তন যেন আনতে পারি, তাহলে জুলাই আন্দোলন… জুলাই বিপ্লবের সফল পরিণতি দেখতে পারব।’

হতাশা ভর করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় পরিবর্তন দেখছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, তিনি আশাবাদী এ কারণে যে, তিনি পরিবর্তন দেখছেন একজন মানুষের মধ্যে, তিনি তারেক রহমান। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে যদি সবাই মিলে সামনে নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো বা পরিবর্তনটা হবে। সে জন্য সবাই মিলে প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়া দরকার।

আরও পড়ুন:  শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =