রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লতিফ সিদ্দিকী বলেন, শাপলা চত্বরের ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি তিনি সকালেই জানতে পেরেছেন। পুলিশ গ্রেফতার না করলে আগামী রবি বা সোমবারের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আজ শাহবাগ থানার ওই মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আদালত প্রাঙ্গণ থেকে গুলশানের বাসায় ফেরার পর আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *