জামায়াত এমপির বাড়ি ঘেরাও-ভাঙচুর, নেপথ্যে মেয়ের বেপরোয়া আচরণ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুদ্ধ জনতা। এমপি মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারপিটের অভিযোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করা হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা অভিভাবক গোলাম রসুলের বাড়ির বিভিন্ন জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। ঘটনায় সময় সংসদ সদস্য গোলাম রসুলসহ তার পরিবারের সদস্যরা বাসাতে উপস্থিত ছিলেন। এসময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের সোমবার বিকালে মারপিট ও ভয়ভীতি দেখায় এমপির মেয়ে অনন্যা। পরে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পুলিশ মাদ্রাসা ও সংসদ সদস্যের মধ্যে সমাঝোতা হয়।
মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর এমপির মেয়ে চড়াও হয়।
এ নিয়ে এক শিশুর অভিভাবক রেকসোনা খাতুনকে তালা দিয়ে মাথায় আঘাতে জখম করে। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিন ঘন্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। বাড়ির ভেতরে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
আল মাদ্রাসাতুল শারইয়্যাহর মুহাতামিম কবির হোসাইন অভিযোগ করে বলেন, ‘এমপি সাহেবের মেয়ে শিশুদের ওপর বিভিন্ন সময় চড়াও হয়। সর্বশেষ সোমবারও মারধর করে। তার পরিপ্রেক্ষিতে সোমবার বসে মিমাংসা করা হয়। মঙ্গলবার সকালে শিশুরা খেলছিল; হঠাৎ এমপি ও এমপি সাহেবের মেয়েও এসব শিশুদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে এমপি সাহেবের মেয়ে তালা ছুড়ে মারলে এক শিশু শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। তারপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করে।’
ঘটনার পর থেকে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ ছিলেন সংসদ সদস্য গোলাম রসুল ও তার পরিবার। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি গোলাম রসুল। তবে গোলাম রসুলের স্ত্রী শারমিন ডিনা বলেন, তার মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের বাড়িতে হামলা চালিয়ে এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, এমপির মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু ও অভিভাবকদের সঙ্গে ঝামেলা হয়েছে। সেই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিত দিতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *