২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর আবারও ফুটবল অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে শুরু হয়েছে আলোচনা। ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্সের ভিত্তিতে কে হতে পারেন এবারের বিজয়ী—তা নিয়ে চলছে নানা জল্পনা।

বিশ্বকাপের বছরে ব্যালন ডি’অরের লড়াইয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রভাব সবসময়ই গুরুত্বপূর্ণ। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানোর পর ফাবিও কানাভারো, ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলা লুকা মদরিচ এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো লিওনেল মেসি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই ব্যালন ডি’অর জিতেছিলেন।

তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। স্পেন বিশ্বকাপ জিতলেও এমন কোনও ফুটবলার নেই, যাকে এককভাবে সবচেয়ে বড় দাবিদার বলা যাচ্ছে। এ প্রেক্ষাপটে ক্রীড়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন প্রকাশ করেছে ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য শীর্ষ পাঁচ ফুটবলারের তালিকা।

আরও পড়ুন:  নিউইয়র্কের টাইমস স্কয়ারে নীল-সাদা ঝড়

১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)

ডিএজেডএনের তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপে ৬ গোল করে ইংল্যান্ডকে তৃতীয় স্থান এনে দেয়ার পাশাপাশি বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা শিরোপা জিতেছেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে ৭০ গোল করে ব্যালন ডি’অরের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন এ স্ট্রাইকার।

২. লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)

বিশ্বকাপের আগে চোটে পড়লেও দ্রুত ফিরে এসে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের পাশাপাশি বিশ্বকাপে ধারাবাহিক নৈপুণ্য তাকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদারে পরিণত করেছে।

৩. রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন)

স্পেনের বিশ্বকাপজয়ী দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন রদ্রি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন গোল্ডেন বল। জাতীয় দলের সাফল্যে তার বড় অবদান ব্যালন ডি’অরের দৌড়েও তাকে শক্ত অবস্থানে রেখেছে।

আরও পড়ুন:  যেভাবে সেরা হলেন মেসি

৪. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)

বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে গোলসংখ্যার নতুন রেকর্ডও গড়েছেন তিনি। তবে ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই বড় শিরোপা না পাওয়ায় তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

৫. লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা)

৩৯ বছর বয়সেও বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করলেও দলকে শিরোপা এনে দিতে পারেননি। এছাড়া ইউরোপের বাইরে ইন্টার মায়ামির হয়ে খেলার বিষয়টিও ব্যালন ডি’অরের ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে ব্যালন ডি’অরের লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলেও শেষ পর্যন্ত ক্লাব ও জাতীয় দল—উভয় পর্যায়ের পুরো মৌসুমের পারফরম্যান্সই বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *