বিতর্ক বা সংকটকালে নীরব থাকার জন্য প্রায়শই সমালোচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘নিট’ আন্দোলনকারীদের উদ্দেশে ২৪ ঘণ্টার মধ্যে দুটি ভিডিও প্রকাশ করেন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম ডিডি নিউজের তথ্য অনুযায়ী, এর মধ্যে একটি ভিডিও ৩০ কোটি ৩০ লাখ (৩০৩ মিলিয়ন) ভিউ পেয়ে বিশ্বের সবচেয়ে বেশি দেখা ‘রিল’-এ পরিণত হয়েছে এবং নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। খবর দ্য টেলিগ্রাফের।
ভারতে গত ৩৬ দিন ধরে চলতে থাকা শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলন শনিবার (২৫ জুলাই) চূড়ান্ত পরিণতি পায়। শিক্ষার্থীরা তাদের মূল দাবি আদায় করে নেয়— ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
এই রাজনৈতিক সাফল্য সত্ত্বেও, আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও ব্যঙ্গ ছুড়ে দিতে থাকে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে মজা করে, ভিডিওর সঠিক সময় নিয়ে প্রশ্ন তোলে এবং তার বক্তব্য শুরুর সম্ভাষণ ‘ফ্রেন্ডস’কে প্রত্যাখান করে।
অনেকে কড়া জবাব দিয়ে লেখেন, ‘আমরা বন্ধু নই’, আবার অনেকে কৌতুক করে বলেন যে, ‘মিত্র’ শব্দটির পরিবর্তে ‘ফ্রেন্ডস’ ব্যবহার করাটা ছিল কেবল একটি প্রচারণামূলক কৌশল, যা পুরোপুরি ফ্লপ হয়েছে।
নরেন্দ্র মোদির প্রকাশ্য বার্তা বা বক্তব্যে নজিরবিহীন ফ্রন্ট-ক্যামেরা অ্যাঙ্গেলটি প্রথম দফায় ব্যাপক ট্রোল ও উপহাসের জন্ম দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিষয়টিকে ‘এড়িয়ে চলা দৃষ্টিভঙ্গির ক্যামেরা অ্যাঙ্গেল’ বলে আখ্যা দেয়। শিক্ষার্থীদের আকুল আবেদনে সরকারের দীর্ঘ নীরবতার সাথে প্রধানমন্ত্রীর আচমকা গভীর রাতের এই ভিডিওর তুলনা করে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘টক্সিক বয়ফ্রেন্ড’ (বিষাক্ত প্রেমিক)-এর সাথে তুলনা করে।
ভাইরাল হওয়া একটি ছবির ক্যাপশনে লেখা ছিল: ‘আমাদের এড়িয়ে চলা বিষাক্ত প্রেমিকের কাছ থেকে গভীর রাতের বার্তা।’







