শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নতুন নৌবাহিনী প্রধান

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে এসে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে সেনাবাহিনীর ২০৬ ক্যাম্প

আইএসপিআর আরও জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলা এবং নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে নৌবাহিনী প্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *