বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির আশঙ্কার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সোমবার (২০ জুলাই) প্রকাশিত এ সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে দেশটির স্টেট ডিপার্টমেন্টের জারিকৃত এক ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে এ তথ্য জানান হয়। 

পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে উত্তেজনা আরও বাড়তে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে, নিরাপত্তা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল, সময়ে সময়ে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া ও ভ্রমণে বিভিন্ন ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের নিরাপত্তা সতর্কতা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা এবং সর্বশেষ সংবাদ অনুসরণ করতে বলা হয়েছে।

আরও পড়ুন:  হানিয়ার হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতির জন্য সহায়ক নয়: বাইডেন

এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চলটিতে ভ্রমণ অথবা মধ্যপ্রাচ্য হয়ে অন্য দেশে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতীতে মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। পাশাপাশি ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন কিংবা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এ বৈশ্বিক সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক ভ্রমণ, আকাশপথে চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *