দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতে কোমলমতি শিশুদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিটি শিশুকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের আগে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

একযোগে ২ লাখ চারা রোপণ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে একটি ‘নিম’ গাছের চারা রোপণ করে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন।

আরও পড়ুন:  নির্বাচনে সেনাবাহিনীর ১ লাখ সদস্য মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাছ নিয়ে গবেষণার পরামর্শ
উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুলে হোক বা বাসার আশপাশে। যেখানে জায়গা পাবে সেখানেই একটি করে গাছ লাগাবে।’

প্রধানমন্ত্রী শিশুদের শুধু গাছ লাগাতেই উৎসাহিত করেননি, বরং গাছ নিয়ে জ্ঞান অর্জনেরও পরামর্শ দেন। তিনি বলেন, ‘গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী কী উপকারে আসে, এই বিষয়গুলো তোমরা ইন্টারনেট ঘেঁটে রিসার্চ (গবেষণা) করবে। এভাবে প্রতি বছর তোমরা একেকটি গাছ সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারবে।’

পরিবেশ রক্ষায় গুরুত্ব
গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘স্কুলে লাগানো গাছ বড় হলে সেটি তোমাদের ছায়া দেবে, ক্লান্তিতে বিশ্রাম নিতে পারবে। আর বাসায় গাছ লাগালে তার নির্মল বাতাস ঘরকে শীতল রাখবে।’ আজকের দিনটিকে পরিবেশ রক্ষার লড়াইয়ে একটি ‘স্মরণীয় দিন’ হিসেবেও অভিহিত করেন তিনি।

আরও পড়ুন:  বিএনপির অবরোধে তারা নিজেরাই অবরুদ্ধ: প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং শিশুদের মেধার প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 6 =