মেধাবী উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্টার্টআপগুলোর জন্য বড় অঙ্কের অর্থায়নের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, আইসিটি বিভাগের মাধ্যমে উদ্যোক্তারা ৫ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই লক্ষ্য বাস্তবায়নে ৫০০ কোটি টাকার একটি বিশেষ বাজেট বরাদ্দ রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্ট্যার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর শুভ উদ্বোধন করা হয়। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি মূলত উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখান থেকে প্রশিক্ষণ, মেন্টরিং এবং সরকারি সহায়তার সব তথ্য পাওয়া যাবে। ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানত ও কাগজপত্রের দীর্ঘসূত্রতা দূর করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চিন্তা করেছি, এমন উদ্যোক্তা থাকে যাকে ব্যাংকের হ্যাচেলগুলো সিকিউরিটি বা কাগজ দিতে হয়, এটি যাতে ফেস করতে না হয়, সে জন্য কমিটি করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই। নিরপেক্ষ কমিটি, তারা বিষয়টি দেখবে।”
অনুষ্ঠানে প্রশ্নোত্তরের পর্বে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, জামানত ছাড়াই প্রকল্পের গুণমান বিচার করে এই তহবিল দেওয়া হবে। তিনি বলেন, “এ সংক্রান্ত নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রজেক্ট দেখে তারা ফান্ড করবে।” সরকার এই অর্থকে জনগণের সম্পদ হিসেবে দেখছে উল্লেখ করে তিনি আরও জানান যে, সম্ভাবনা থাকলে কোনো উদ্যোক্তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যে হেল্প করা হবে, সেটি পাবলিক মানি। যদি পটেনসিয়াল থাকে, ফের ফান্ডের বিষয়টি চিন্তা করা হবে। কারণ অনেকের ব্যবসা শুরুতেই ভালো করে না। সে ক্ষেত্রে সম্ভাবনা থাকলে দ্বিতীয়বার সুযোগ পাবে।”
নির্বাচনী ইশতেহার ২০২৬-এর আলোকে গঠিত এই ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড দেশের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই উদ্যোগের মাধ্যমে দেশে একটি কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।







