৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

প্রযুক্তি খাতের অন্যতম পরাশক্তি মাইক্রোসফট মাইক্রোসফট তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২.১ শতাংশ অর্থাৎ ৪,৮০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এই ব্যাপক ছাঁটাই প্রক্রিয়ার সবচেয়ে বড় ধাক্কাটি আসতে যাচ্ছে কোম্পানির গেমিং বিভাগ এক্সবক্সের ওপর। 

মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক মেমোতে জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল এই শিল্পে টিকে থাকতে এবং গ্রাহকদের সেরা সেবা দিতে টেক জায়ান্টটিকে এখন নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ খাতে মনোযোগ দিতে হচ্ছে। এই বড় ধরনের ছাঁটাইয়ের অংশ হিসেবে এক্সবক্স থেকে তাৎক্ষণিকভাবে ১,৬০০ জনেরও বেশি কর্মীকে চাকরিচ্যুত করা হবে।

সম্প্রতি এক্সবক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া আশা শর্মা কর্মীদের এক বার্তায় জানিয়েছেন, এক্সবক্সের ইতিহাসে এটি সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ পুনর্গঠন প্রক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা ওই বার্তায় তিনি উল্লেখ করেন, আগামী বছরের মধ্যে আরও ১,৬০০ কর্মী তাদের চাকরি হারাবেন।

আরও পড়ুন:  ‘ময়ূরাক্ষী’ আসছে ঈদুল আজহায়

এই পরিবর্তনের অংশ হিসেবে কম্পালশন গেমস, ডাবল ফাইন প্রোডাকশন্স, নিনজা থিওরি এবং আনডেড ল্যাবের মতো এক্সবক্সের চারটি গেম ডেভেলপমেন্ট স্টুডিওকে মূল প্রতিষ্ঠান থেকে আলাদা বা স্পিন-অফ করে দেওয়া হবে।

তবে এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে শর্মা বলেন, এই পরিবর্তনগুলো এক্সবক্সের ভবিষ্যৎকে সংকুচিত করার জন্য নয়, বরং আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার জন্য। ইতিহাস এমন অনেক কোম্পানিতে পূর্ণ যারা টিকে থাকাকেই অপরিহার্য মনে করার ভুল করেছে, মাইক্রোসফট সেই তালিকায় যুক্ত হতে চায় না।

অন্যদিকে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার কথা উল্লেখ করে বিশ্বব্যাপী এই ছাঁটাইয়ের ঘোষণা দেন অ্যামি কোলম্যান। তিনি বলেন, শিল্পের পরিবর্তন হবে কি না তা বেছে নেওয়ার সুযোগ কোনো কোম্পানির থাকে না; কোম্পানি শুধু বেছে নিতে পারে তারা নিজেরা এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেবে কি না।

আরও পড়ুন:  জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি: নাহিদ

তিনি স্পষ্ট করে জানান, ছাঁটাই হওয়া কর্মীদের জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিস্থাপন করা হবে না, তবে এটি সত্যি যে এআই মানুষের কাজের ধরন বদলে দিচ্ছে।

এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন সামগ্রিকভাবে গেমিং শিল্প চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং গত কয়েক বছরের নির্মম ছাঁটাইয়ের ধাক্কা অনেক স্টুডিও এখনো কাটিয়ে উঠতে পারেনি। এর আগে ২০২৪ সালেও এক্সবক্স ২,০০০-এর বেশি কর্মী ছাঁটাই করেছিল এবং ‘কল অব ডিউটি’ নির্মাতা অ্যাক্টিভিশন-ব্লিজার্ডকে বিশাল অঙ্কের বিনিময়ে কিনে নেওয়ার আগে কেনা চারটি স্টুডিও বন্ধ করে দিয়েছিল।

এর ঠিক এক বছরের মাথায় বিলিয়ন ডলারের এআই প্রকল্পে বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনার অংশ হিসেবে ৯,০০০ কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল মাইক্রোসফট। প্রযুক্তি সরঞ্জামের ক্রমবর্ধমান উৎপাদন খরচের কারণে মাইক্রোসফটসহ অনেক সংস্থাই তাদের পুরোনো কনসোল ও গ্যাজেটগুলোর দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে, এআই ডেটা সেন্টারগুলোর কারণে চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে এবং খরচ বাড়ছে।

আরও পড়ুন:  রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

আশা শর্মা স্বীকার করেছেন যে এই ছাঁটাই অত্যন্ত বেদনাদায়ক, তবে এক্সবক্সের সামগ্রিক কন্টেন্ট পোর্টফোলিও, প্ল্যাটফর্ম এবং কার্যক্রমে একটি রিসেট বা নতুন করে সাজানোর প্রয়োজন ছিল। এই নতুন পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রিয় গেম মাইনক্রাফটের ডেভেলপার ‘মোজং’ এবং ক্যান্ডি ক্রাশের ডেভেলপার ‘কিং’ এখন থেকে সরাসরি তার কাছে রিপোর্ট করবে বলে তিনি জানান।

সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =