কেপ ভার্দে নকআউট পর্ব নিশ্চিত করার পর থেকে আলোচনা চলছে আর্জেন্টিনাকে নিয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত কেপ ভার্দের বীরত্বগাঁথা সবার মুখে মুখে। ‘এইচ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত করেছে দলটি। যে গ্রুপে ছিল স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। দুদলের বিপক্ষেই ড্র করেছে নবাগত দলটি। ড্র করেছে সৌদি আরবের সঙ্গেও।
পরের পর্ব নিশ্চিত করা কেপ ভার্দের জন্য অপেক্ষা করছে আসল পরীক্ষা। তাদের সামনে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে কেপ ভার্দে যে ‘পুঁচকে’ দল, সেটি না বললেও চলে। তবে, মূল আলোচনা অন্যত্র।
কেপ ভার্দেকে পেয়ে আর্জেন্টিনার নকআউট যাত্রার শুরুটা হয়েছে সহজ। বিশ্বকাপের নবাগত দলটি মেসিদের সামনে দাঁড়াবে, সেই বিশ্বাস আসলে খুব একটা জোরালো নয়। শুধু তা-ই নয়, কেপ ভার্দেকে পার করতে পারলে শেষ ষোলোতেও আর্জেন্টিনার প্রতিপক্ষ তেমন কঠিন হবে না। অস্ট্রেলিয়া অথবা বেলজিয়ামকে পেতে পারে আলবিসেলেস্তেরা। শক্তি-সামর্থ্য কিংবা বর্তমান ফর্ম, কোনো বিবেচনাতেই যারা আর্জেন্টিনার সমতূল্য নয়।
এই দুই দলকে ডিঙাতে পারলে আসল পরীক্ষার মুখোমুখি হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা আছে, যদি পর্তুগিজরা সেই অবধি যেতে পারে।
মেসিদের চোখ অবশ্য অতদূরে এখনই নেই। গ্রুপ পর্বের খেলাও শেষ হয়নি। বাকি আছে জর্ডানের বিপক্ষে ম্যাচ। তার আগে ২ ম্যাচে ২ জয়ে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচে আর্জেন্টিনা হারলে এবং অস্ট্রিয়া-আলজেরিয়ার যে কোনো এক দল জিতলেও গোল ব্যবধানে শীর্ষেই থাকবে লিওনেল স্কালোনির শিষ্যরা।







