মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৩৩ কোটি ডলার

বিশ্বের একক বৃহত্তম পোশাক বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ২৪ শতাংশ। যেখানে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া প্রবৃদ্ধি অর্জন করেছে, সেখানে বাংলাদেশের এই পতন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে নতুন শঙ্কার সৃষ্টি করেছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, মার্কিন বাজারে এখন শীর্ষ সরবরাহকারী হিসেবে ভিয়েতনাম তার অবস্থান শক্ত করেছে, যা বাংলাদেশের জন্য বড় ধরণের বাণিজ্যিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অঙ্গপ্রতিষ্ঠান ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটিইএক্সএ) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের প্রথম চার মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির অর্থমূল্য দাঁড়িয়েছে ২৬৪ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ২৯৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে প্রায় ৩৩ কোটি ৫২ লাখ ডলার সমমূল্যের পোশাক আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ে ভিয়েতনাম থেকে আমদানি ১ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১৫ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলারে উন্নীত হয়েছে, যার ফলে দেশটি এখন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ পোশাক সরবরাহকারীতে পরিণত হয়েছে।

আরও পড়ুন:  ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার মেট্রিক টন চাল

প্রতিযোগী অন্যান্য দেশের মধ্যে কম্বোডিয়া অভাবনীয় সাফল্য দেখিয়েছে। দেশটিতে থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ১৪ শতাংশের বেশি বেড়ে ১৪০ কোটি ৪১ লাখ ডলারে পৌঁছেছে। একই সময়ে ইন্দোনেশিয়ার রপ্তানিও ২ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশের মতো বড় ধরণের ধস নেমেছে চীন ও ভারতে। চীন থেকে মার্কিন পোশাক আমদানি অর্ধেকের বেশি বা ৫০ দশমিক ২১ শতাংশ কমে গেছে। ভারতের ক্ষেত্রেও রপ্তানি কমেছে প্রায় ২৮ শতাংশ। সামগ্রিকভাবে চলতি বছরের প্রথম চার মাসে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি কমেছে ১২ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শুধু অর্থমূল্যেই নয়, পরিমাণগত দিক থেকেও বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। জানুয়ারি-এপ্রিল সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানির পরিমাণ ৯ দশমিক ১ শতাংশ কমে ৮৯ কোটি বর্গমিটারে নেমে এসেছে। বিপরীতে ভিয়েতনামের সরবরাহ প্রায় ৩ শতাংশ এবং কম্বোডিয়ার সরবরাহ প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের রপ্তানি কমার অন্যতম কারণ হিসেবে পণ্যের ইউনিট মূল্য হ্রাসকেও চিহ্নিত করা হচ্ছে। বর্তমানে প্রতি বর্গমিটার বাংলাদেশী পোশাকের গড় দাম ২ ডলার ৯৭ সেন্ট, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৪৫ শতাংশ কম। অথচ প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম, ভারত ও ইন্দোনেশিয়ার পণ্যের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীকে পাঠানো বাইডেনের চিঠিকে স্বাগত জানিয়েছে ঢাকা

এপ্রিল মাসেও বাংলাদেশের জন্য ইতিবাচক কোনো চিত্র পাওয়া যায়নি। শুধু এপ্রিলেই বাংলাদেশ থেকে পোশাক আমদানি ১৭ শতাংশের বেশি কমেছে। অথচ এই সময়েও কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো তাদের অবস্থান শক্তিশালী রাখতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি, লজিস্টিক সংকট এবং উচ্চমূল্যের পণ্যের অভাব বাংলাদেশকে এই প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে দিচ্ছে। যেখানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো প্রতিকূল পরিস্থিতির মাঝেও প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে, সেখানে বাংলাদেশের এই পতন রপ্তানি আয়ে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওটিইএক্সএর তথ্য অনুযায়ী, মার্কিন বাজারের এই সংকোচন এবং প্রতিযোগীদের উত্থান বাংলাদেশের প্রধান এই রপ্তানি খাতের জন্য একটি বড় সতর্ক সংকেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *