যেকোনো সময় শুরু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, প্রস্তুত তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ জাফার আসাদি এ আশঙ্কার কথা জানান।

শুক্রবার (১ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দাবি, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ওয়াশিংটন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করে না।

সম্প্রতি ইরান তাদের প্রস্তাবিত একটি সংশোধিত চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের সমালোচনাও করেন। এর পরপরই তেহরানের পক্ষ থেকে এমন কড়া অবস্থানের ইঙ্গিত পাওয়া গেল।

আরও পড়ুন:  দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

অন্যদিকে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ শাখা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগর এবং হরমুজ প্রণালীর ইরানি উপকূলবর্তী প্রায় ২ হাজার কিলোমিটার এলাকাজুড়ে নিয়ন্ত্রণ শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, এ উদ্যোগের মাধ্যমে অঞ্চলটিকে নিরাপদ রাখা এবং দেশের জনগণের জন্য শক্তি ও গর্বের প্রতীক হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট তেল পরিবহনের উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে ২৬.৬২ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানি

সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *