পাবনার ঈশ্বরদীতে হঠাৎ অসুস্থ হয়ে চুরকিন ভ্লাদিমির (২৫) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাহাপুরে নতুনহাট সংলগ্ন এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের (আরএনপিপি) আবাসন এলাকা গ্রিন সিটিতে এ ঘটনা ঘটে।
চুরকিন ভ্লাদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এটম টেকনিক্যাল এনারগো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
রূপপুর প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ঈশ্বরদী থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্প সূত্রে জানা গেছে, সাহাপুরে বিদেশি নাগরিকদের আবাসন প্রকল্প গ্রিন সিটি এলাকায় তিনি ব্যায়াম করছিলেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তার সহকর্মীরা তাকে গ্রিন সিটি আবাসিক এলাকার মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, সংবাদ পেয়ে রুশ নাগরিকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানার হিমঘরে রাখা হয়েছে। গতকাল শনিবার সকালে মৃতদেহের ময়নাতদন্ত করার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী তাঁর মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে।







