প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ শিক্ষককে শিগগির নিয়োগ: শিক্ষামন্ত্রী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ শিক্ষককে ‘শর্তসাপেক্ষে’ শিগগির নিয়োগ দেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে।

“দীর্ঘদিন ধরে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা ও সমালোচনা থাকলেও সব দিক বিবেচনা করে সরকার দ্রুত সময়ের মধ্যে বিষয়টি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।”

শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষার মান উন্নয়নের স্বার্থে দ্রুত নিয়োগ কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তড়িঘড়ি করে অনুষ্ঠিত ওই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে।

আরও পড়ুন:  মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই নিয়োগ পাবেন বলে আশ্বাস দেন এহছানুল হক মিলন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করছে। শিক্ষার্থীরা যেন স্কুলমুখী হয় এবং ঝরে পড়া রোধ করা যায়, সে লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সেইসঙ্গে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *