প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক, ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতারা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলাসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বৈঠকে গণমাধ্যম খাতের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক অবস্থান জানান।

সভায় নোয়াব সভাপতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নোয়াবের সাবেক সভাপতি ও সমকালের প্রকাশনা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বৈঠক শেষে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্রশিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ নানা সংকটের মধ্যে রয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং বেশ কিছু দাবি দাওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগতে পারে বলেও তিনি জানিয়েছেন।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিনি আগের সরকারগুলোর পথ অনুসরণ করবেন না এবং উদার গণতন্ত্রের পথে এগোতে চান। এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন নোয়াব সভাপতি।

গ্রেপ্তার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েও আলোচনা হয় বৈঠকে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দি রয়েছেন কিনা বা হয়রানির শিকার হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া বকেয়া বিল পরিশোধের বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন:  বিমান বাহিনীর প্রধান হলেন হাসান মাহমুদ খাঁন

ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নোয়াব সভাপতি।

বৈঠকে নিয়মিত সংলাপের বিষয়েও সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার শাসনামলে একবার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে একবার সম্পাদক ও মালিকদের সঙ্গে বৈঠক হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *