যুদ্ধ বন্ধের রূপরেখা পেয়েছে ইরান-যুক্তরাষ্ট্র: রয়টার্স

যুদ্ধ বন্ধের জন্য তৈরি করা একটি পরিকল্পনার রূপরেখা পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি সম্পর্কে অবগত সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তান এই রূপরেখা তৈরি করেছে। গত রাতে তা ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

পরিকল্পনায় দুই ধাপে পদক্ষেপের কথা বলা হয়েছে। যেখানে শুরুতে একটি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ এবং পরে ‘পূর্ণাঙ্গ চুক্তি’ স্বাক্ষর হবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির রোববার সারা রাত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ করেছেন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোনো সাময়িক যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি খুলবে না। এ ছাড়া, শান্তি প্রস্তাবটি পর্যালোচনার ক্ষেত্রে তেহরান কোনো ধরনের ‘ডেডলাইন’ বা সময়সীমাও মেনে নেবে না।

আরও পড়ুন:  ১০০ টাকা মোবাইল রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা!

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আক্রমণাত্মক ভাষায় একটি পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে ইরান যদি কোনো চুক্তিতে না আসে এবং হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটির জ্বালানি খাত এবং পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে।

একইদিন মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা একটি দুই ধাপের চুক্তির অংশ হিসেবে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। যা শেষ পর্যন্ত যুদ্ধকে স্থায়ী অবসানের দিকে নিয়ে যেতে পারে। সূত্র হিসেবে গণমাধ্যমটি মার্কিন, ইসরায়েলি এবং আঞ্চলিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়েছিল।

ইরান-যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হাতে পাওয়া সংক্রান্ত প্রতিবেদনে রয়টার্স শুরুতে রূপরেখার বেশকিছু দিক তুলে ধরেছিল। কিন্তু পরে তা সরিয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *