ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দীর্ঘ ৪৪ বছর পর আবারও নিজের গাওয়া কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন করে গাইলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমার জন্য নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার এই তুমুল জনপ্রিয় গানটি এবার নতুন আবহে দর্শকদের সামনে আসতে চলেছে। 

চরকির দেওয়া তথ্যমতে, গত বুধবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুরে মূল গানটির কাঠামোর সঙ্গে নতুন সংস্করণে যুক্ত হয়েছে তন্ময় পারভেজের লেখা কিছু নতুন কথা।

আরাফাত মহসীন নিধির সংগীত পরিচালনায় এই গানে সাবিনা ইয়াসমিনের সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। নতুন করে গানটি গাওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন লেন, নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।

আরও পড়ুন:  জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরে ১০৪ জন, সফরসঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন

সিনেমায় গানটি ব্যবহারের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ মূলত সাধারণ মানুষের জ্বলে ওঠার এবং আবেগঘন গল্পের একটি সিনেমা। এমন একটি গল্পে সব রকম অনুভূতিকে স্পর্শ করতেই এই গানটি বেছে নেওয়া হয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে একটি জাতির ভালোবাসা, স্মৃতি এবং আনন্দ–বেদনা।

তিনি আরও জানান, প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের সন্তান সরফরাজ আনোয়ার উপল এবং দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গেই সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসভিএফ, আলফা-আই এবং চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *