ইরান যুদ্ধে আরো কর্মকর্তা মোতায়েনের অনুরোধ পেন্টাগনের

ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নতুন সামরিক পরিকল্পনা অনুযায়ী, এই যুদ্ধ সম্ভবত সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। 

বুধবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পেন্টাগনের কাছে ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত তাদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে।

এই অতিরিক্ত কর্মকর্তা ও জনবল কমপক্ষে ১০০ দিন পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে সহায়তা করবে এবং প্রয়োজনে তা সেপ্টেম্বর পর্যন্তও চলতে পারে।

এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোয়েন্দা জনবল বাড়ানোর প্রথম পরিচিত পদক্ষেপ। এতে ইঙ্গিত মিলছে যে ওয়াশিংটন শুরুতে জনগণের সামনে যে সময়সীমা তুলে ধরেছিল, বাস্তবে তার চেয়ে অনেক দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:  উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

এর আগে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে তিনি সতর্ক করে দেন যে যুদ্ধ ‘এর চেয়েও অনেক বেশি দীর্ঘ’ হতে পারে।

হঠাৎ করে অতিরিক্ত জনবল ও সম্পদ জোগাড়ের এই তৎপরতা দেখাচ্ছে যে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু করা সংঘাতের পরিসর সম্পর্কে ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত ছিল না।

এ ধরনের বড় সামরিক অভিযান সাধারণত কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করা হয়। কিন্তু পেন্টাগনের ভেতরে দ্রুত তৎপরতা শুরু হওয়া থেকে বোঝা যাচ্ছে, ইরানে হামলার সম্ভাব্য প্রতিক্রিয়া ও পরিস্থিতির বিস্তারকে কর্মকর্তারা কম করে ধরে নিয়েছিলেন—এমনটাই জানিয়েছে পলিটিকো।

এর আগে ২৫ ফেব্রুয়ারি পলিটিকোর আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারা চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার আগে ইসরায়েল যেন প্রথমে ইরানে আঘাত হানে।

আরও পড়ুন:  মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল চীন
শেষ পর্যন্ত ঠিক সেই ধারাবাহিকতাই ঘটে এবং এতে ওয়াশিংটন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে।সূত্র : মিডল ইস্ট আই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *