নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের প্রত্যাশা জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।

মাহবুব জুবায়ের ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি আসনে নারী ভোটারদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনার বাইরে বড় ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, ‘বাংলাদেশের ইতিহাসে এটি একটি অনন্য নির্বাচন। কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ভোট অনুষ্ঠিত হয়েছে।’

আরও পড়ুন:  নির্বাচন নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

এর আগে সকালে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে চলে নির্ধারিত সময় পর্যন্ত। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

সারা দেশে নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো। এখন পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *