সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুরোদমে চলছে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান কার্যক্রম। নির্বাচন কমিশন জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এরই মধ্যে সোয়া চার লাখের বেশি প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রমের হালনাগাদ তথ্য তুলে ধরে কমিশন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, অ্যাপে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার সফলভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভোট দেওয়ার পর ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ২১ হাজার ৫০৮ জন প্রবাসীর ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

আরও পড়ুন:  জাতীয় নির্বাচনে ভোট দিতে ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের এই প্রক্রিয়ায় ভোটারদের ব্যাপক সাড়া মিলেছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশ ও বিদেশ মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *