সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। 

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ সোমবার দুই আসামির উপস্থিতিতে এ  আদেশ দেন। অভিযোগ গঠনের মাধ্যমে এই প্রথম তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী  অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। ট্রাইব্যুনালের অপর  দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ সময় ট্রাইব্যুনাল আসামিদের কাছে জানতে চান- তারা এই ঘটনায় দোষী কিনা। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। দুই আসামির পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে চিফ প্রসিডিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যরা।

আরও পড়ুন:  এবার শিক্ষা প্রশাসনে বড় রদবদল

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি-প্ররোচনা ও ষড়যন্ত্র। তাদের ধারাবাহিক এসব কর্মকাণ্ডে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী লীগের সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বহু ছাত্র-জনতা। কিন্তু নির্যাতন বন্ধে কোনো ব্যবস্থা নেননি তারা।

এছাড়া জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত নিতেন তারা। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৯ জুলাই ফোনে তারা কথা বলেন। তাদের কথোপকথনের একপর্যায়ে শোনা যায় ‘ওদের শেষ করে’ দেওয়া হবে। অর্থাৎ আজ রাতেই কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলে জানান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

২২ ডিসেম্বর শুনানির সময় তাদের কথোপকথনের সেই অডিও রেকর্ডসহ এসব অভিযোগ ট্রাইব্যুনালের সামনে আনেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আর্জি জানানো হয়। ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *