বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৮ বছর লন্ডন থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।
২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। ২৩ নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তাও দেন তিনি। তবে ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।
সমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ঐতিহাসিক জনসমাগমের জন্য প্রস্তুতি চলছে। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন।







