বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। 

আজ মঙ্গলবার চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন সমকালকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন। 

গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষা জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন:  ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

সুস্থতার জন্য দোয়া মিলাদ
খালেদা জিয়ার সুস্থতায় ঢাকায় দোয়া মাহফিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ সকালে নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =