পানি সংকটে বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে, পুলিশ মোতায়েন

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের জন্য। ইতোমধ্যে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তীব্র যানজট পেরিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও পানির ঘাটতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। তাই পানিবাহী আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়েছে। মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।” তিনি জানান, আগুন নেভাতে কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বস্তির বাসিন্দারা জানান, আগুন লেগে দাউ দাউ করে টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ করছেন এবং বস্তির ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। স্থানীয়দের আগুনের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:  রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী: উপদেষ্টা

প্রাথমিকভাবে আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *