বাংলাদেশের মাটি ব্যবহার করে হামলার ছক— ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান

পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতের মাটিতে হামলার ছক বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করেছে— ভারতীয় কয়েকটি গণমাধ্যমের এমন দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় গণমাধ্যমের এই তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, যা-ই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এটার কোনো কারণ নাই বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক এটা বিশ্বাস করবে না।

এর আগে সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও আরও অনেকে আহত হন। ঘটনার পর পুরো ভারতে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। এ ঘটনায় ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়াসহ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ এই হামলার পরিকল্পনা বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছেন।

আরও পড়ুন:  ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

এ সময় জাতিসংঘে শেখ হাসিনার বিচারের বিষয়ে ব্রিটিশ আইনজীবীর চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, জাতিসংঘ কিছু জানায়নি।

চীন থেকে সমরাস্ত্র কিনলে মার্কিন স্যাংশনের ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা কোনো দিকে ঝুঁকে পড়ছি না। আমরা সবার সঙ্গে ভারসাম্য রেখে সম্পর্ক রেখেছি এবং রাখবো। আমি মনে করি না যে আমাদের কোনো রকম স্যাংশন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *