চীনে বোয়াও সম্মেলনে কাল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে বক্তব্য দেবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন বলে তার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।

লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই অধিবেশনে বক্তব্য করবেন।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন:  মিল্টন সমাদ্দার গ্রেফতার

অধ্যাপক ইউনূস আজ চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইনসে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

বোয়াও ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত এবং চীনের বড় বড় কম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

২৯ মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

আরও পড়ুন:  জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ড. ইউনূস
তিনি চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে আলোচনা করবেন, যাতে তারা যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ এবং হাসপাতাল স্থাপনের জন্য উৎসাহিত হয়।

প্রধান উপদেষ্টার আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *