কালরাত্রি স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে মোমবাতি প্রজ্বালন

মোমবাতি প্রজ্বালন করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির শহীদদের স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের শিখা চির অম্লান প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরাসহ অনেকে অংশ নেন। এ সময় প্রায় শতাধিক মোমবাতি প্রজ্বালন করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজধানীর কর্মক্লান্ত মানুষ যখন ছিলেন গভীর নিদ্রায় অচেতন, তখন সেই নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ট্যাংক, মর্টার, মেশিনগান, রাইফেলসহ অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের হানাদার বর্বর সেনাবাহিনী। তারা নির্বিচারে বিভিন্ন স্থানে চালিয়েছিল গণহত্যা। নিরীহ মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে রাতের বাতাস। একটি রাতে এমন বর্বর গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল।

২২ মার্চ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এর অংশ হিসেবে আজ মোমবাতি প্রজ্বালন এবং আগামীকাল সকালে শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন:  ঢাকার আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (কর্মসূচি) রফিকুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর ২৫ মার্চ কালরাত্রিতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। তারই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি পালন করা হয়।

রফিকুল ইসলাম আরও বলেন, ‘২৫ মার্চ অপারেশন সার্চলাইটের নামে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরীহ মানুষদের হত্যা করে। যুদ্ধকালীন নয় মাস সময়ে তারা আমাদের অন্ধকারে ধাবিত করার চেষ্টা করেছে। তার বিপরীতে দাঁড়িয়ে আমাদের এই প্রতিরোধ ছিল। এখন আবারও যদি নতুন করে কোনো অন্ধকার আসে, তাহলে তাকে আমরা প্রতিহত করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =