মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে আরও ৩ দিন

রাজধানীসহ সারা দেশে ঘন কুয়াশায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিন মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়াও চলতি মাসে রাজধানীসহ দেশজুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের আজকের বুলেটিনে জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, শৈত্যপ্রবাহ না এলেও ঘন কুয়াশার জন্য সারাদেশে তাপমাত্রা কমেছে। কুয়াশার কারণে দিনের বেলা শীত আরও বাড়তে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের জন্য এই তিনদিন রোদের দেখা পাওয়ার সম্ভাবনাও কম বলে জানান তিনি।

আরও পড়ুন:  পঞ্চগড়ে শীতের আগমনী হাওয়া, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, আগামী দুইদিন ঘন কুয়াশার জন্য বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডে।

ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =