শৈত্যপ্রবাহ ছাড়াই হাড়কাঁপানো শীত

দুপুর গড়িয়ে বিকেল হতেই হাড়ে কাঁপন ধরাচ্ছে উত্তরের বাতাস, যার রেশ থাকছে পরদিন সকাল পর্যন্ত। অঞ্চলভেদে হালকা থেকে ঘন কুয়াশা থাকছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। কোনো কোনো অঞ্চলে দুপুরেও থাকছে কুয়াশা। দিনের কিছু সময় বাদ দিলে সে অর্থে সূর্যের দেখা মিলছে না।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুই-তিন দিন ধরে শীতের এই চিত্র দেখা যাচ্ছে। হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবনে বাড়ছে ভোগান্তি। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে আগের দুই-তিন দিনের তুলনায়।

কাগজে-কলমে শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠাণ্ডার অনুভূতি মনে করিয়ে দিয়েছে শৈত্যপ্রবাহের কথা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন পরিস্থিতি থাকতে আগামী রবিবার পর্যন্ত।এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘এ সময় দেশে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয়। বৃহস্পতিবার কুয়াশা থাকার কারণে সূর্যের আলো সেভাবে প্রবেশ করতে পারেনি।

আরও পড়ুন:  শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
ফলে দিনের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে। তবে এটাকে শৈত্যপ্রবাহ বলা যাবে না। আগামী দুই-তিন দিন‌ও এই পরিস্থিতি থাকতে পারে।’আবহাওয়া অধিদপ্তরের হিসাবে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তবে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়, ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ভোলায় ১০.৫ ডিগ্রি, বরিশালে ১১.২ ডিগ্রি ও মাদারীপুরে ১১.৩ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৮ ডিগ্রি।এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শুক্রবার। সারা দেশে রাত ও দিনের তাপমাত্র সামান্য কমতে পারে। তাপমাত্রা কমার এই প্রবণতা থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত।

আরও পড়ুন:  বছরের শুরুতেও শৈত্যপ্রবাহের আভাস

শুক্রবার দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মধ্যরাত থেকে আগামী শনিবার সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *