বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধার্থে সকল সনদ কেন্দ্রীভূতভাবে রাখার জন্য সার্টিফিকেট রিপোজিটরি তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি এ কাজের জন্য বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এর অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন।
রোববার (৭ জুলাই) বিডিরেনের নিজস্ব কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের নাভানা এইচআর টাওয়ারের ৬ষ্ঠ তলায় এ কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন যে, উচ্চশিক্ষা ও মাইগ্রেশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটি সনদ ব্যাংক খুব প্রয়োজনীয়। সার্টিফিকেট রিপোজিটরি থাকলে শিক্ষার্থীদের যেকোনো এমপ্লয়মেন্ট মাইগ্রেশনের ক্ষেত্রেও সুবিধা হবে।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৩৫ লক্ষ শিক্ষার্থী অধ্যয়ন করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলেজগুলো নিয়ে যে ভিশন রয়েছে, তা অর্জনে আমরা এখনও পিছিয়ে রয়েছি। কলেজগুলোতে সরকারের বিশাল বিনিয়োগ হচ্ছে, শিক্ষার্থীদের সেখানে যথাযথভাবে শিক্ষা প্রদান এবং নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা তৈরি, জ্ঞান অর্জন, তথ্য সংগ্রহ ও গবেষণার বিষয়ে সামগ্রিক উন্নয়ন করতে হলে সকল শিক্ষার্থীকে বিডিরেনের আওতায় নিয়ে আসতে হবে।
বিডিরেন ট্রাস্টের চেয়ারপারসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির বিভিন্ন সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।