বিমান বাহিনীর প্রধান হলেন হাসান মাহমুদ খাঁন

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পদে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি আগামী ১১ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

বিমানবাহিনী বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন তিনি। রোববার (২৬ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে ১১ জুন ২০২৪ তারিখ (অপরাহ্ণ) এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ (অপরাহ্ণ) থেকে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

বর্তমানে বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। ১১ জুন তিনি অবসরে যাবেন।

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন ২০ জুন ১৯৬৬ তারিখে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৫ জুন ১৯৮৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন ফাইটার পাইলট এবং ‘এ’ ক্যাটাগরির কোয়ালিফাইড ফ্লাইং ইন্সট্রাক্টর। একজন পেশাদার সুদক্ষ বৈমানিক হিসেবে তিনি এসএফ২৫ সি, পিটি-৬, ফুগা, সিএম-১৭০, টি-৩৭, এফটি-৬, এটাক-৫, এফটি-৭বি, এফ-৭এমবি, মিগ-২৯ইউবি, মিগ-২৯বি, এফ/এ-১৮ডি, এফটি-৭বিজি, এফ-৭বিজি, এফটিসি-২০০০, এল-৩৯জেডএ, কে-৮ডব্লিউ এবং বেল-২০৬ বিমান উড্ডয়ন করেছেন। তিনি মিগ-২৯ ফাইটার স্কোয়াড্রনের অগ্রগামী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:  ইউরোফাইটার টাইফুন কিনতে ইতালির সঙ্গে চুক্তি করলো বিমানবাহিনী

নটরডেমিয়ান এই কর্মকর্তা সামরিক বাহিনীর দীর্ঘ চাকরি জীবনে দেশে ও বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পাকিস্তান থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

তিনি ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স, জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, ফিজিওলজিক্যাল ইনডক্ট্রিনেশন কোর্স, জাঙ্গাল সার্ভাইভাল কোর্স, ওয়াটারম্যান শিপ কোর্স, ফ্লাইট সেফটি কোর্স এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, তুর্কি থেকে পিআইসি অ্যান্ড হাই জি টেস্ট, রাশিয়া থেকে মিগ-২৯ ট্রেনিং, চীন থেকে স্টাফ কোর্স, মালয়েশিয়া থেকে মিগ-২৯ সিমুলেটর ট্রেনিং এবং পাকিস্তান থেকে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়্যার কোর্স সম্পন্ন করেছেন।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিমান বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি ৮ স্কোয়াড্রন, ট্রেনিং উইং, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর ফ্লাইং উইংয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার ও বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও, বিমান সদরের বিমান পরিচালন পরিদপ্তর, গোয়েন্দা পরিদপ্তর ও পরিকল্পনা পরিদপ্তরের পরিচালক, প্রধান পরিদর্শক,  বিমান বাহিনী একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট এবং চিফ ইন্সট্রাক্টর, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এর ডেপুটি কমান্ড্যান্ট  হিসেবে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) ও সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘বিমান বাহিনী পদক’, ‘গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক’ ‘অসামান্য সেবা পদক’ এবং তিন বার বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন।

আরও পড়ুন:  যেভাবে মাইলস্টোন স্কুলের ওপর আছড়ে পড়ল বিমান

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন পেশাগত কারণে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সালেহা খান বিবাহিত জীবনে এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক-জননী। তিনি একজন জ্ঞানপিপাসু পাঠক এবং দক্ষ গলফার।

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *