ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে তাদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাসে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। তবে এসব পদক্ষেপের পরও শ্রমিকেরা সড়ক থেকে সরে যাননি।

একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায়ও অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক একত্র হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:  পহেলা বৈশাখের ইতিহাস ও উৎপত্তি

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা অবরোধ চালিয়ে যান।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =