মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, মানহীন এসব বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক প্রতিষ্ঠানকে শিক্ষা বিস্তারের পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গত ১৭ বছরে কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। অথচ উচ্চশিক্ষার সাফল্য কেবল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে নির্ধারণ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানের সুযোগই একটি  বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি। দেশের শিক্ষাব্যবস্থাকে বর্তমান অবস্থা থেকে বের করে আনতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাব্যবস্থা বিভিন্ন ধারায় বিভক্ত। শিক্ষার সুযোগ, মান ও অর্জিত দক্ষতার ক্ষেত্রেও রয়েছে ব্যাপক বৈষম্য। এসব বৈষম্যের গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন। বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান বিশ্বপর্যায়ে উন্নীত করতে হবে। তবে এ অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না।

আরও পড়ুন:  মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং দক্ষ কর্মী, উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি কর্মজগতের প্রচলিত ধারণায় পরিবর্তন আনছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা নিয়ে মানুষ কাজ করছে, কয়েক বছর পর সেই কাজের জন্যই সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে। এ বাস্তবতায় শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতা, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র কোনো নিদিষ্ট দলকে সমর্থন করে না: রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি আরও বলেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল করে না দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকারও। ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

তিনি বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রকে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে হয়েছে। তাই দেশ ও পরিবারের প্রত্যাশাও তাদের কাছে বেশি। একজন স্নাতকের সাফল্যের প্রকৃত মূল্যায়ন শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অন্যের জীবনে তিনি কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, সেটিই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে এবং সততা ও নৈতিকতা সমুন্নত রাখতে হবে।

আরও পড়ুন:  আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এবারের সমাবর্তনে মোট দুই হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =