যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসে ভিসা সাক্ষাৎকারের সময় অতীত বা বর্তমানের কোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করে পুরোপুরি সত্য কথা বলার নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীত বা যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে পুরোপুরি অবগত থাকেন। তাই সাক্ষাৎকারে কোনো ধরনের অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপনের চেষ্টা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকারে সত্য বলুন, মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
মার্কিন ভিসার জন্য আবেদন করার সময় ফরম পূরণ বা মৌখিক সাক্ষাৎকারে বিগত দিনের কোনো ভিসা প্রত্যাখ্যান, ওভারস্টে কিংবা অন্য কোনো ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার তথ্য লুকিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে অনেক প্রার্থীর মধ্যে। তবে দূতাবাসের আধুনিক ডেটাবেজ ও কড়া নজরদারির কারণে এসব তথ্য সহজেই ধরা পড়ে যায়। তথ্য গোপনের প্রমাণ মিললে প্রার্থীরা কেবল ভিসাই হারাবেন না, বরং ভবিষ্যতে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী বা দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।







