দুই কলেজ শিক্ষার্থীদের উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকামানও প্রস্তুত রাখা হয়।ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, ক্লাস শেষে ছুটির পর সায়েন্সল্যাবে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট-পাটকেল ছোড়েন।

এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে তারা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। কী কারণে হামলা করা হয়েছে, তা তারা জানেন না। এতে তাদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:  সারাদেশে হাম ও উপসর্গে ১১৩ শিশুর মৃত্যু

তিনি বলেন, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটু উত্তেজনা ছিল। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সেজন্য পুলিশ সেখানে অবস্থান করছে। কোনো অঘটন যাতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে কলেজের ভেতরে রয়েছেন। বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ওসি জানান, সায়েন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা পুলিশের সদস্যরা পৃথক পৃথক স্থানে অবস্থান করছেন।

আরও পড়ুন:  কানাডার বেগমপাড়ায় থাকা ৫ পরিবারের গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =