সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সভা সূত্রে জানা যায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি-১০৫(৩)(ক) অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় ৫ কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সেখান থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ২৩-২৪ আগস্ট সময়কালের এক কার্গো এলএনজি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১.৮৭ মার্কিন ডলার মূল্যে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা এবং ৪-৫ সেপ্টেম্বরের মধ্যে আরও এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২১.৭৯৬ মার্কিন ডলার মূল্যে ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা দামে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার।







