‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসিতে সাফল্য

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করা ইসরাত অতিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছেন তিনি।

ইসরাত নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। তবে ধারাবাহিকটির শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। এ কারণে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন তিনি।

স্বল্প সময়ের মধ্যে নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেন ইসরাত। শুধু তাই নয়, টেস্ট পরীক্ষায় নিজের বিভাগে প্রথমও হন তিনি।

আরও পড়ুন:  সালমানের সঙ্গে কি প্রেম নিয়ে যা বললেন শাবনূর

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় ইসরাতের এমন সাফল্যে আনন্দিত তার পরিবার। তিন বোনের মধ্যে ছোট ইসরাতের ফলাফল নিয়ে তার মেজো বোন সাফিনা জানান, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও ইসরাত পড়াশোনায় অনেক পরিশ্রম করেছেন।

সাফিনা বলেন, ইসরাতের এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং ছিল। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে মাত্র দুই ঘণ্টা পর পরীক্ষায় অংশ নিতে হয়েছিল তাকে।

শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতে হয়েছে ইসরাতকে। অভিনয় ও পড়াশোনার দুই ব্যস্ততা একসঙ্গে সামলে শেষ পর্যন্ত এসএসসিতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছেন এই অভিনেত্রী।

ফল প্রকাশের পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইসরাত। ফেসবুকে তিনি লেখেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =