এসএসসির ফল প্রকাশ সোমবার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার প্রকাশ করা হবে। সারা দেশে একযোগে এ ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল, চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। আর দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল দেওয়ার রেওয়াজ আছে। সেই বিবেচনায় ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনার কথা এর আগে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বোর্ডগুলো।

আরও পড়ুন:  ফেল করেছে বলে গালমন্দ করবেন না : প্রধানমন্ত্রী

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষা এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য ফরম পূরণ করে।

ফল জানবেন যেভাবে

শিক্ষা বোর্ড সূত্র বলছে, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।

জানা গেছে, মুঠোফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:  এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে SSC MAD ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 12 =