রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে কাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাঙ্কক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে।
কী কারণে দ্রুত দেশে ফিরছেন স্পিকার—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল থেকেই বিভিন্ন গুঞ্জন (রাষ্ট্রপতির পদত্যাগ) শুনছি।
স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।







