না ফেরার দেশে পাড়ি জমালেন স্যার গ্যারি সোবার্স। ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার।

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮,০৩২ রান করেছেন তিনি। এ ছাড়া নিয়েছেন ২৩৫ উইকেট। ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতেও ছিলেন সমান কার্যকর। স্পিন ও পেস—দুই ধরনের বোলিংয়েই অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সোবার্স।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলেছিলেন সোবার্স। সেই ইনিংসটি টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের বিশ্ব রেকর্ড হিসেবে টিকে ছিল টানা ৩৬ বছর।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারের হয়েও দীর্ঘ সময় খেলেছেন সোবার্স। ১৯৬৮ সালে এই ক্লাবের জার্সিতে প্রথম-শ্রেণির ক্রিকেটে এক ওভারের ছয়টি বলেই ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন। এমন কীর্তি গড়া প্রথম ক্রিকেটার ছিলেন তিনি।

আরও পড়ুন:  যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে সোবার্সকে নাইট উপাধিতে ভূষিত করা হয়। এ ছাড়া প্রভাবশালী ক্রিকেট সাময়িকী উইজডেন তাঁকে বিংশ শতাব্দীর পাঁচ সেরা ক্রিকেটারের একজন হিসেবে স্বীকৃতি দেয়।

সোবার্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘একটি মহান ইনিংসের সমাপ্তি ঘটল। আমাদের হৃদয়ে, আজ এবং চিরকাল, স্যার গারফিল্ড সোবার্স।’

শোক জানিয়েছে সোবার্সের সাবেক কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারও। ক্লাবটি সোবার্সকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এবং নটিংহ্যামশায়ারের ইতিহাসের এক প্রতীকী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেছে, ‘স্যার গারফিল্ড সোবার্সের মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *