বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ,—পদার্থ বিজ্ঞান পরীক্ষা আবারও নেওয়া হবে

ব্যক্তিগত মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে পুনরায় পদার্থ বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয়ের বিলের ওপর জনমত যাচাই পর্বে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। এ ব্যাপারে আমি বলতে চাই, আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলি নাই। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সিম্পলি দুঃখপ্রকাশ করছি।’

মন্ত্রী বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ তাঁর বক্তব্যে পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদের দিকে আসতেছেন—এটা বলেছেন। এ ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে (সোমবার) যে পদার্থ বিজ্ঞানের পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। এ পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং অনেকেই পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এমন অভিযোগ এসেছে। আমরা যদিও সব সময় পর্যবেক্ষণের মধ্যে ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এ পরীক্ষাটি নিয়ে।’

আরও পড়ুন:  কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

এহছানুল হক বলেন, ‘ইতিমধ্যে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি, আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে। এ ক্ষেত্রে আমরা ভেবে-চিন্তে দেখেছি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যখন নিতে যাব—পদার্থ বিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা, সে সময় আমরা এ পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *