নাটকে ফিরলেন জাহিদ হাসান

দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটক ‘পথহারা মন’-এর শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরায়। প্রেম, সম্পর্কের টানাপোড়েন আর মানুষের আবেগকে ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প।

নাটকে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ এমন একটি গল্প, যেখানে ভালোবাসার নানা রূপ এবং সম্পর্কের জটিলতা উঠে এসেছে। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির প্রতিচ্ছবি এতে খুঁজে পাবেন বলেও তাঁর বিশ্বাস।

জাহিদ হাসানকে নিয়ে রাজ সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও তাঁদের এই একসঙ্গে কাজ করা।

আরও পড়ুন:  শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান

ফিরে আসা প্রসঙ্গে রাজ বলেন, ‘জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। তাঁর অভিনয় নাটকটিকে আরও সমৃদ্ধ করেছে। পুরো দলটি দারুণ আন্তরিক ছিল।’

জাহিদ হাসানও জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা। তাঁর ভাষায়, ‘অনেক দিন পর রাজের পরিচালনায় কাজ করলাম। গল্পটি খুব সুন্দর, আর আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ ছিল।’

‘পথহারা মন’-এর গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ইউটিউবের ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *