সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টি ঝরবে পাঁচ দিন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি ঝরবে আগামী পাঁচ দিন। অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন:  ১০ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী

আবহাওয়া পূর্বাভাস বলছে, রোববার থেকে বৃষ্টি আরও বাড়বে। ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি নামতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি চলতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১, আহত ৬০

বুধবার  রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =